৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮:২৯ এএম

দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের আটটি অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার বিস্তৃত পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন না ঘটার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত