সাবেক ডিআইজিসহ তিন কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম

দীর্ঘদিন কর্মস্থলে যোগ না দেওয়া চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনাসহ ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি নূরে আলম মিনা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। ডিএমপি ডিবির সাবেক ডিসি বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মানস কুমার পোদ্দার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত। আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১০ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। সরকারি চাকরি বিধিমালা,২০১৮ এর বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তারা যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন। গত ২৬ জুন ছুটি না নিয়ে কর্মস্থলে যোগদান না করায় তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপারসহ ১৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক পুলিশ সদস্য ছুটি না নিয়ে উধাও হয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত