আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:৫৬ এএম

বহুদিন ধরে দেশের বাজারে কয়েক দফা দরপতনের পর আবারও উর্ধ্বমুখী হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। এতদিন এই দরের পরিমাণ ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা।

বাজুস জানিয়েছে, আজ বুধবার থেকে নতুন মূল্য তালিকা কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়েই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন বিক্রি হবে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের জন্য প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা, আর সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।

এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ২৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।

তারও আগে সর্বোচ্চ দামের সময় ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হতো ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির মূল্য ছিল ১ লাখ ১৭ হাজার ২ টাকা।

স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো হেরফের হয়নি। আগে নির্ধারিত দরের মতোই ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকাই রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত