গাজায় গণহত্যা বন্ধ না করায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১১:২৫ এএম

গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যা বন্ধ না হওয়ায় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। গতকাল মঙ্গলবার রাতে এ হামলার পর দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর পরপরই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ওই হামলার হুমকি প্রতিহত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই ইসরায়েলের একাধিক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের উদ্দেশে নির্দেশ দিয়েছে, যেন তারা যথাযথ নিরাপত্তাবিধি অনুসরণ করেন এবং সংকেত অনুযায়ী আশ্রয়স্থলে অবস্থান নেন।

ইসরায়েলের প্রতি হুথি বিদ্রোহীদের এই হামলাকে বিশেষজ্ঞরা গাজা পরিস্থিতির জবাব হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত