আদানির সব বকেয়া মেটাল বাংলাদেশ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম

ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে বাংলাদেশ ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। এর ফলে বিদ্যুৎ ক্রয়, সঞ্চালন ব্যয় ও অন্যান্য সকল বকেয়ার নিষ্পত্তি হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত জুন মাসে আদানি পাওয়ারকে এই অর্থ এককালীন পরিশোধ করেছে বাংলাদেশ, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ পরিমাণ।

নয়াদিল্লিভিত্তিক সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, এই অর্থপ্রদানের মাধ্যমে পূর্ববর্তী সব দেনা, বিদ্যুৎ পরিবহণ খরচ এবং বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তির যাবতীয় বিষয় নিষ্পন্ন হয়েছে। এখন আর কোনো বকেয়া নেই। বরং দুই মাসের বিল সমপরিমাণ অর্থের এলসি এবং সব বকেয়ার বিপরীতে সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে।

বকেয়ার ইস্যু নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ারকে অনুরোধ জানিয়েছে, তাদের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে।

অন্যদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরেই বাংলাদেশ প্রতি মাসে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করে আসছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের একটি বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় ২০০ কোটি ডলার বিনিয়োগে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার, যেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত