ছাত্রী হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

মধ্যরাতে নোবিপ্রবি ছাত্রী হলে বিক্ষোভ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধার অভিযানে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশির অভিযোগে গভীর রাতে বিক্ষোভ করেছেন হলে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১২টায় বিবি খাদিজা হলের শিক্ষার্থীরা হল গেটে এসে অবস্থান নেন। এসময় ছাত্রী হলে পুরুষ কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন প্রশাসন, লজ্জা লজ্জাসহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

এর আগে মঙ্গলবার সন্ধায় ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধারে একটি তল্লাশি চালায় হল প্রশাসন। যেখানে ছাত্রীদের রুমে কোনোপ্রকার অনুমতি ছাড়াই হলের পুরুষ স্টাফরা প্রবেশ করে। এ ঘটনায় হলে অবস্থানরত ছাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে হলে থাকা একাধিক ছাত্রী জানিয়েছেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পড়ার ও সুযোগ পাই নাই এটা খুবই লজ্জাজনক এবং ভীতিকর ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হুট করে নক না করেই ম্যাম ও মহিলা স্টাফের সাথে দুজন পুরুষ স্টাফও রুমে ঢুকে পড়েন। আমরা খুবই অপ্রস্তুত অবস্থায় ছিলাম। নক না করে পুরুষ স্টাফরা রুমে আসার ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত।

আরেক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, চেকিং এর সময় ম্যামদের পাশাপাশি অফিসের ছেলে যে গুলা থাকে ওরা, ডাইনিং এর মামা এমনকি কয়েকজন স্যার পর্যন্ত রুমে ঢুকে গেছে। আমি নিজে একটু পর্দা মেনে চলার চেষ্টা করি। আমি একদম অপ্রস্তুত ছিলাম, এটা কি রকমের সভ্য কাজ।

এই বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত