নির্বাচন আয়োজনে বড় অঙ্কের অর্থ সহায়তা দিচ্ছে জাপান

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:০৫ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বড় অঙ্কের অর্থ সহায়তা দিচ্ছে জাপান সরকার। বাংলাদেশি মুদ্রামানে এই অর্থের পরিমাণ সাড়ে ৫৮ কোটি টাকার বেশি। নির্বাচন কমিশনের ‘ব্যালট’ প্রকল্পে ব্যয় করা হবে এই পুরো অর্থ। এ লক্ষ্যে জাপানের সঙ্গে ইউএনডিপির একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উপস্থিততে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, জাপানের এই সহযোগিতা আমাদের কার্যক্রমকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়তা দেবে।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের সার্বভৌম অধিকারকে সম্মান করে এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করে। ইউএনডিপির মাধ্যমে জাপানের এই সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জাপানের উদারতা এবং দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য আমরা গভীর কৃতজ্ঞ। এই সহযোগিতা শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সহায়ক হবে। এটি বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব এবং ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও গণতান্ত্রিক অগ্রগতির প্রতিশ্রুতির অংশ।

এ সময় ইসির সিনিয়র সচিব এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত