মাত্র এক ভোটের ব্যবধানে সিনেটে ট্রাম্পের 'বিগ, বিউটিফুল' বিল পাস 

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম

যুক্তরাষ্ট্র সিনেটে এক ভোটের ব্যবধানে পাস হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘বিগ, বিউটিফুল’ বিল। মঙ্গলবার বিলটি ৫১-৫০ ভোটে অনুমোদন পায়। পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভোট পড়ায় সিদ্ধান্তের ভার পড়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওপর যিনি বিলের পক্ষে ভোট দিয়ে ‘সমতা’ ভেঙে দেন।

বিলের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের ৪৭ সিনেটরের পাশাপাশি তিনজন রিপাবলিকান—নর্থ ক্যারোলাইনার টম টিলিস, মেইনের সুসান কলিন্স ও কেন্টাকির র‍্যান্ড পল—ভোট দেন।

বিলে কর হ্রাস, সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যয় কমানো, সেনাবাহিনীর বাজেট বৃদ্ধি এবং অভিবাসন নিয়ন্ত্রণে ব্যয় বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। তবে এতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রায় ৩.৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। তবে সেখানে কয়েকজন রিপাবলিকান ইতোমধ্যেই সিনেট সংস্করণের কিছু ধারার বিরোধিতা করছেন।

ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের লক্ষ্য, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই বিলটি আইনে পরিণত করা।

বিলটি মূলত ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদকালে চালু হওয়া করছাড় কর্মসূচির সম্প্রসারিত সংস্করণ। এতে অতিরিক্ত সময় কাজ করলেই করছাড়, সেনাবাহিনী ও সীমান্ত নিরাপত্তায় বড় অঙ্কের ব্যয় এবং অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের প্রস্তাব রয়েছে।

অন্যদিকে, নিম্ন আয়ের নাগরিকদের জন্য থাকা মেডিকেইড স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রায় ৯৩০ বিলিয়ন ডলার ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। এছাড়া বাইডেন প্রশাসনের পরিবেশবান্ধব জ্বালানিতে দেওয়া বিভিন্ন ভর্তুকিও বাতিল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত