রাজধানীর মুগদায় ছিনতাইয়ের সময় গণধোলাইয়ে আহত এক ছিনতাইকারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম আলআমিন (২০) বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) মারা যান তিনি।
এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় গণধোলাইয়ের শিকার হন তিনি।
থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করেন ওই যুবক। এ সময় জনগণ দেখতে পেয়ে তাকে ধরে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা গেছেন তিনি।
তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনি তার নাম আলআমিন (২০) বলে জানিয়েছিলেন। তবে বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
