ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাধারণত দলের অধিনায়ক কিংবা কোচকে পাওয়া যায়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। কোচ ফিল সিমন্স ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গেছেন, তবে অধিনায়ক মিরাজের না আসার কারণ জানা যায়নি। সংবাদ সম্মেলনে এসে অসহায় আত্মসমর্পণই করলেন তানজিদ তামিম।
প্রথম ওয়ানডেতে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলেও খুশি হতে পারেননি তানজিদ। আজ শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি প্রথম যেটা বললেন, আমি ভালো খেলেছি। আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি, দলের চাওয়া আমি পূরণ করতে পারিনি। সেটা পূরণ করতে পারলে হয়তবা বলতে পারতাম আমি ভালো খেলেছি, দলের জন্য খেলতে পেরেছি। অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে। ৩ ম্যাচের সিরিজ, ১ ম্যাচ হয়েছে। পরের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।’
ব্যাটিং ধস নিয়ে তানজিদ বলেন, ‘আমি আর (নাজমুল হোসেন) শান্ত ভাই ভালো একটা জুটি দিচ্ছিলাম। সেদিক থেকে বলব, আমরা কিছুটা দুর্ভাগা। ওই রান-আউট, ভালো ক্যাচ ধরেছে ওরা। ওইটা টার্নিং পয়েন্ট। সেখান থেকে দুজন মিলে আরও ৩০-৪০ রান যোগ করতে পারলে আমাদের জন্য আরও সহজ হতো। আসলে এখানে যেরকম উইকেট, এমন ডিমান্ড করে যে যারা সেট হবে উইকেটে, তাদের অনেক লম্বা ইনিংস খেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম, আরও কিছু ওভার যদি ৫-১০ ওভার আরও থাকতে পারতাম, তাহলে ম্যাচটা ভালোভাবে বের হয়ে আসতে। পরের ব্যাটারদের জন্য অনেক সহজ হয়ে যাব। আমাদের একটাই মেসেজ থাকবে, নতুন ব্যাটারের জন্য উইকেটে গেলে একটু কঠিন একটু সময় নিয়ে ব্যাট করা। যারা সেট থাকবে তাদেরকে শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের করা না পর্যন্ত।’
তানজিদ আরও বলেছেন, ‘আমার মনে হয় না আমি খুব ভালো খেলেছি। আমি দলের প্রত্যাশা মেটাতে পারিনি। দলের চাওয়া অনুযায়ী খেলতে পারলে ভাবতাম ভালো ব্যাট করেছি। আমি পরের ম্যাচে ভালো করার চেষ্টা করব। আমার মনে হয় অই রানআউট (শান্তর) এবং আমার ক্যাচ আউট হওয়াটা, আমাদের দলের জন্য দুর্ভাগ্যজনক ছিল। যদি এগুলো উতরে যেতে পারি তাহলে এটা (ম্যাচটা) আমাদের পক্ষে চলে আসত।’
রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে পিচ নষ্ট করার অভিযোগ!
কাবরেরার পদত্যাগ চাওয়া সেই বাফুফে কর্তাকে অব্যাহতি