গাজায় ত্রাণ নিতে এসে নিহত ৬১৩ জন: জাতিসংঘ

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ত্রাণ বিতরণ কেন্দ্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এবং জাতিসংঘসহ অন্যান্য সংস্থার পরিচালিত মানবিক সহায়তা বহরের আশপাশে অন্তত ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তারা সকলেই ত্রাণ নেওয়ার জন্য এসব কেন্দ্রগুলোতে ভীড় জমাতেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর শুক্রবার এ তথ্য জানিয়েছে।

জিএইচএফ মূলত মার্কিন বেসরকারি নিরাপত্তা ও লজিস্টিক কোম্পানির সহায়তায় গাজায় ত্রাণ বিতরণ করছে। তবে তাদের সম্পূর্ণ ব্যবস্থাপনা জাতিসংঘের নেতৃত্বাধীন সহায়তাকে এড়িয়ে পরিচালিত হচ্ছে।

ইসরায়েলের দাবি, জাতিসংঘের অধীনে দেওয়া ত্রাণ চোরাইপথে ‘জঙ্গিদের’ হাতে যাচ্ছিল। তবে জাতিসংঘ এই একে ‘ঝুঁকিপূর্ণ’ ও মানবিক নিরপেক্ষতা নীতিমালার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন পর্যন্ত জিএইচএফের ত্রাণ কেন্দ্র ও অন্যান্য সহায়তা বহরের আশপাশে অন্ত ৬১৩টি হত্যাকাণ্ড নথিভুক্ত করেছি। ২৭ জুন পর্যন্ত ঘটনাগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২৭ তারিখের পরেও আরও কয়েকটি ঘটনা ঘটেছে।’

তবে জিএইচএফের তাদের ত্রাণ কেন্দ্রগুলোতে কোনো ধরনের সহিংসতা ঘটেনি। কিন্তু জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানিয়েছে, নিহত ৬১৩ জনের মধ্যে ৫০৯ জনই জিএইচএফের ত্রাণ কেন্দ্রের আশপাশে নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিস বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, কিছু ত্রাণ লুট হওয়ার পাশাপাশি ত্রাণবাহী ট্রাক চালকদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত