গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ হামাসের

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:৪৮ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস। চুক্তি বাস্তবায়নে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে গোষ্ঠীটি। শুক্রবার (৪ জুলাই) হামাসের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা কাতার ও মিশরকে যুদ্ধবিরতির প্রস্তাবে আমাদের জবাব দিয়ে দিয়েছি। হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক। আমি মনে করি বিষয়টি চুক্তি বাস্তবায়নে সহায়তা করবে।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার জন্য মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব সম্পর্কে হামাস নিজেদের মধ্যে পরামর্শ এবং ফিলিস্তিনি অন্যান্য দলের সঙ্গে আলোচনা শেষ করেছে।

নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে হামাস আরও জানায়, ভ্রাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদেরকে যুদ্ধবিরতি সম্পর্কে হামাস তাদের ইতিবাচক জবাব দিয়েছে। এই কাঠামোর আলোকে যুদ্ধবিরতি কার্যকরের জন্য তাৎক্ষণিকভাবে আলোচনার জন্য হামাস সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের হামাসের ইতিবাচক প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইসরায়েল। 

এছাড়া ৫৫০ জনেরও বেশি সাবেক ঊর্ধ্বতন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার একটি দল ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন। সেখানে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা।

তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, মধ্যরাত থেকে পাঁচ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় অবরুদ্ধ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত