করাচিতে আবাসিক ভবন ধসে নিহত বেড়ে ১০

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:১০ এএম

পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় শুক্রবার (৪ জুলাই) একটি পাঁচতলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহীদ মোতরমা বেনজির ভুট্টো ইনস্টিটিউট অব ট্রমা (এসএমবিবিআইটি)।

স্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, করাচি সিভিল হাসপাতালে ৯ জনের মরদেহ আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দও নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

এসএমবিবিআইটির নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানান, আহত ৯ জনের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

এটিই করাচির সাম্প্রতিক সময়ের দ্বিতীয় ভবন ধসের ঘটনা। এর কয়েকদিন আগে খারাদার এলাকায়ও একটি ভবন ধসে প্রাণহানি ঘটে। গত ডিসেম্বরে সিন্ধু বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি করাচিজুড়ে ‘বিপজ্জনক’ চিহ্নিত ৫৭০টিরও বেশি ভবন খালি করতে প্রাদেশিক সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, দুর্বল নির্মাণ মান, নিম্নমানের উপকরণ এবং ভবন কোড অমান্য করেই এসব ভবন নির্মাণ করা হয়। দুই কোটির বেশি মানুষের এই মহানগরী করাচিতে পুরনো অবকাঠামো, অবৈধ সম্প্রসারণ, জনাকীর্ণতা এবং নির্মাণ বিধি শিথিলতার কারণে এমন ঘটনা বারবার ঘটছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত