নবাবগঞ্জে যুবদল নেতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, পরে মিলল লাশ

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৫২) এর লাশ বাড়ির কাছে ধইঞ্চা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৬ জুলাই) ভোরে বসতবাড়ির একশ গজ দূরে রাস্তার পাশে একটি ধইঞ্চা ক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। এদিকে তার লাশ উদ্ধারের আগে তাকে গ্রেপ্তার করতে এসেছিল পুলিশ।

নিহত আমজাদ হোসেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি মৃধাকান্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

এ ঘটনায় পুলিশ জানায়, আমজাদের বিরুদ্ধে একটি অর্থ সংক্রান্ত মামলায় আদালতের রায়ে এক বছরের সাজা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে রাজনৈতিক ও জমি-জমা সংক্রান্ত আরও অন্তত ২৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, ভোর ৪টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশ সাজা পরোয়ানা নিয়ে আমজাদকে ধরতে বাড়িতে যায়। তখন তাকে বাড়িতে না পেয়ে পুলিশ ফিরে যায়। পরে তার স্ত্রী জানায়, পুলিশ চলে যাওয়ার পর আমজাদ ঘর থেকে বের হন এবং হয়তো ফজরের নামাজ পড়তে মসজিদে যান। কিন্তু ভোর ৫টার দিকে স্থানীয় মুসল্লিরা ধইঞ্চা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, আমজাদ হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত অপরিহার্য। রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত