৯১ রানে স্বেচ্ছায় 'আউট' হলেন ডুপ্লেসিস!

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম

নার্ভাস নাইন্টিজে ব্যাটারদের আউট হওয়া খুবই কষ্টদায়ক। কিন্তু কোনো ব্যাটার যদি নব্বইয়ের ঘরে গিয়ে স্বেচ্ছায় ক্রিজ ছেড়ে ড্রেসিরুমে হাঁটা দেয়, সেটাকে কী বলা যায়! এমন কাণ্ডই ঘটিয়েছেন ফাফ ডুপ্লেসিস।

বয়সকে তুড়ি মেরে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক এখনো দাপটে ক্রিকেট খেলে যাচ্ছেন। মেজর লিগ ক্রিকেটে ইতোমধ্যে দুটি সেঞ্চুরি করে ফেলেছেন ৪১ ছুঁই ছুঁই বয়সের টেক্সাস সুপার কিংস অধিনায়ক। ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচটিতে তিনি ৩২ বলে ফিফটি পূরণ করেন। এরপর দ্রুত এগিয়ে যাচ্ছিলেন তৃতীয় সেঞ্চুরির দিকে।

নব্বইয়ের কাছাকাছি এসে ডুপ্লেসিস একটু খেই হারিয়ে ফেলেন। খানিকটা ক্লান্তিও যেন ভর করে তার ব্যাটে। পঞ্চদশ ওভারে যখন দুটি চার মারেন, তার রান ছিল ৪৩ বলে ৮৪। এরপর থেকেই ব্যাটো বলে হচ্ছিল না। তাই হয়তো ৯১ রানে তিনি রিটায়ার্ড আউট হয়ে ফিরে যান ড্রেসিংরুমে। দলের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাচ শেষে নিজের সিদ্ধান্তের ব্যখ্যায় ডুপ্লেসিস বলেন, 'আমি এই নিয়মটি (রিটায়ার্ড আউট) পছন্দ করি। খেলাটা এখন দিন দিন খুবই ট্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, অনেক কিছুই ভাবতে হয়। আমাদের স্কোয়াডের গভীরতা অনেক এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ক্রিকেটার আমাদের আছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত