গুঞ্জন ছিল ইউরোপের কোনো দেশের বিপক্ষে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে খেলবে বাংলাদেশ। তবে সেটা শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে গেল। ইউরোপিয়ান কোনো দেশ আসছে না। হামজা চৌধুরী ও শমিত সোমরা সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে খেলবেন দুটি প্রীতি ম্যাচ।
সেপ্টেম্বরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে দল দুটি। নির্ধারিত হয়েছে তারিখও—৬ ও ৯ সেপ্টেম্বর। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই অনুষ্ঠিত হবে এই দুই লড়াই।
আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচ খেলবে নেপাল। বাছাইপর্বে 'এফ' গ্রুপে পড়েছে দেশটি। প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, লাওস ও ভিয়েতনাম। তবে শুরুটা আশানুরূপ হয়নি তাদের। এরই মধ্যে দুই ম্যাচ খেলে একটিতেও পয়েন্টের মুখ দেখেনি নেপাল।
পরবর্তী বাছাই ম্যাচে নেপালের প্রতিপক্ষ ভিয়েতনাম। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর, ভিয়েতনামের মাঠে। তার আগেই বাংলাদেশকে আতিথ্য দিয়ে নিজেদের ঘর গোছাতে চায় স্বাগতিকরা।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও খুব শিগগিরই দল ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি ম্যাচ, দুই দলের জন্যই বড় একটি প্রস্তুতি মঞ্চ।
এলিট আম্পায়ার সৈকতের ৪১ সিদ্ধান্তের ৩১টিই সফল