রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ইমরান (৩৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
আজ সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা উদ্যান ডি ব্লক, ৩ নম্বর রোডের কলেজ গলিতে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কামাল গাজী জানান, প্রায় ১ মাস যাবত নির্মাণাধীন ভবনটিতে রডমিস্ত্রির কাজ করছিল ইমরান। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ৩ তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে জানান।
সহকর্মীরা জানান, তার বাড়ি রাজবাড়ি জেলায়। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনটিতে থাকতেন।
বাংলা একাডেমির কার্যক্রমে পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন