কুমিল্লা সীমান্ত থেকে ৪৭  লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন চাঁনপুর এলাকা থেকে অবৈধভাবে পাচার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সোমবার (৭ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে বিজিবি'র ১০ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। 

তিনি জানান, আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল ভোরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৪৫৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা। 

বিজিবি অধিনায়ক আরও বলেন, জব্দ করা চোরাচালানী পণ্যসমূহ নিয়মানুযায়ী কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, চাঁনপুর এলাকাটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অবৈধ চোরাচালানকারীদের গোপন রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত