যাত্রাবাড়ীতে ডাকাতদের মারধরে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৯ এএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় ডাকাতদের কবলে পড়ে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর চারটার দিকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা ইত্যাদি গলি ৭৬/২/ই নম্বর বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। 

ইসমাইলের মেয়ে সালমা জানান, যাত্রাবাড়ীর ৫ তলা বাড়িটি তাদের নিজেদের। সেটির দোতলায় থাকতেন তার বাবা-মা। তিনি থাকেন রায়েরবাগ। ভোরে তার বাবার বাসায় ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়। পরবর্তীতে খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত