সখীপুরে বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আকবর হোসেনকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার জেলা বিএনপির সভাপতি হাসানজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সখীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. আকবর হোসেনের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তার সব ধরনের প্রাথমিক ও অন্যান্য সাংগঠনিক দায়িত্ব স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মো. আকবর হোসেন বলেন, ‘আওয়ামী দুঃশাসনের সময় রাজনৈতিক মামলায় আমি পাঁচবার কারাবরণ করেছি। কখনো অন্যায়ের কাছে মাথানত করিনি। অথচ দল আমাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত