সানেম-অ্যাকশনএইড জরিপ

তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০২:০৬ পিএম

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ জরিপে উঠে এসেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভোটে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘যুব জরিপ-২০২৫’ শীর্ষক এই গবেষণায় দেশের ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজারের বেশি তরুণ-তরুণীর মতামত নেওয়া হয়।

জরিপের প্রধান ফলাফল:

বিএনপি ৩৮.৭৬% ভোট পেতে পারে বলে মনে করেন তরুণরা।

জামায়াতে ইসলামী ২১.৪৫% ভোট পেতে পারে বলে অনুমান।

অন্যান্য ইসলামী দল, জাতীয় পার্টি ও এনসিপির সমর্থন তুলনামূলক কম।

তরুণদের মতে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে ১৫% ভোট পেতে পারে।

বিএনপি ও জামায়াতের প্রতি পুরুষদের সমর্থন নারীদের চেয়ে বেশি, অন্যদিকে এনসিপিতে নারীদের আগ্রহ বেশি।

তরুণদের মনোভাব:

৯৩.৯৬% তরুণ আশাবাদী, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

৭৬.৭৮% ভোট দিতে আগ্রহী, ৪.১৪% ভোটদানে অনাগ্রহী।

মাত্র ২৩.৩৭% তরুণ নিয়মিত রাজনীতি অনুসরণ করেন; ৩৭.৫৪% একেবারেই আগ্রহী নন।

নারীদের মধ্যে ২৪.২৭% জাতীয় রাজনীতিতে অনাগ্রহী, পুরুষদের মধ্যে এই হার ১৬.৪৮%।

রাজনৈতিক দল নিয়ে সংশয়:

৪৯.৪২% তরুণ মনে করেন, রাজনৈতিক দলগুলো দেশের প্রকৃত সমস্যা সমাধানে ব্যর্থ।

৫০% তরুণের মতে, দলগুলো তাদের সঙ্গে সংযোগ রাখে না।

৬০% চান, দলগুলো পৃষ্ঠপোষকতা ও সহিংসতা বন্ধ করুক; ৫৪% নিয়মিত নির্বাচন চান।

৪৮.২৩% ধর্মভিত্তিক রাজনীতিকে বাংলাদেশের জন্য অনুপযুক্ত মনে করেন।

রাজনীতিতে অংশগ্রহণ:

৮২.৭% তরুণ রাজনীতিতে যুক্ত হতে অনিচ্ছুক।

মাত্র ১.৬% বর্তমানে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সংস্কারের প্রত্যাশা:

৫৬.৪% তরুণ বিশ্বাস করেন, সংস্কার হলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

তবে ১১.৩% আশঙ্কা করছেন, পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সানেম ও অ্যাকশনএইড জানায়, জুলাই আন্দোলন-পরবর্তী তরুণদের চাহিদা ও সংস্কারের অগ্রাধিকার খুঁজতেই এই জরিপ করা হয়েছে। যেন তা নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর এবং যথাযথভাবে প্রতিফলিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত