'এই রিয়ালকে বিশ্লেষণ করাই কঠিন', মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগে এনরিকে

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০১:২৮ পিএম

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাব বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পিএসজি কোচ লুইস এনরিকে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি যেমন খোলামেলাভাবে কথা বলেছেন প্রতিপক্ষ নিয়ে, তেমনি এড়িয়ে গেছেন কিছু স্পর্শকাতর প্রসঙ্গ—বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ও তার অতীত ভূমিকা।

এনরিকে বলেন, 'তারা একেবারে নতুন একটি দল গড়ছে। জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ এখন কৌশলগতভাবে আলাদা পথ ধরেছে। তারা যেমন প্রতিভাবান খেলোয়াড়ে ভরপুর, তেমনি এখন একটি ট্যাকটিক্যাল ইউনিট হিসেবেও গড়ে উঠছে। এই দলকে বোঝা কঠিন, কারণ তারা বারবার নিজেদের নতুনভাবে উপস্থাপন করছে।'

রিয়ালের নিউইয়র্ক যাত্রায় ঝড়ের কারণে প্রস্তুতির ছন্দপতন হয়। এই প্রসঙ্গে লুইস এনরিকে বলেন, 'আমি এ নিয়ে কিছু জানতাম না। তবে এতে আমার কিছু যায় আসে না। ৩০-৪০টা প্রশ্নের জবাব দিলাম, এবার এই অধ্যায়ের ইতি টানা যাক।'

এমবাপ্পেকে ঘিরে সাংবাদিকদের প্রশ্ন এলে বারবার এক কথাই বলেন এনরিকে, 'এটা অতীত। অতীত খুব বেশি কিছু বদলায় না। আমরা বর্তমানেই ফোকাস করছি।'

এমনকি পিএসজি নিয়ে করা তার ডকুমেন্টারির বিখ্যাত উক্তি, 'এখন এমবাপ্পে নেই, আমি সব নিয়ন্ত্রণ করতে পারি'—নিয়েও প্রশ্ন করা হলে জানান, 'এই পর্যায়ে সবচেয়ে ভালো দিক হলো, আজ যা ভাবি তা আজকের জন্যই। আগামীকাল আবার অন্য কিছু হবে। পিএসজির মহত্ত্ব এখানেই—আমরা কম নিয়ন্ত্রণ করি। যত কম পূর্বানুমেয় থাকব, ততই ভালো।'

ম্যাচ প্রসঙ্গে এনরিকে বলেন, 'রিয়ালের বিপক্ষে খেলা মানেই আপনি টুর্নামেন্টে ভালো খেলেছেন। এটা দারুণ চ্যালেঞ্জ, বিশেষ ম্যাচ। আমরা রোমাঞ্চিত এবং খুবই প্রস্তুত।'

 

 

কোচ জাবি আলোনসোকে পরামর্শ?

'আমি রিয়াল মাদ্রিদের কোচকে কোনো পরামর্শ দেওয়ার ধৃষ্টতা করব না। জাবি সবকিছুই জানেন। তার জন্য এটা বিশাল সুযোগ।'

পিএসজির ডিফেন্ডার প্যাঞ্চো, লুকাস হার্নান্দেজ ও হুইসেনের বিষয়ে কিছু বলেননি এনরিক, 'এ নিয়ে আমি কিছু বলব না। আমি এগুলোর নিয়ন্ত্রণে নেই। আমরা যেটা পারি, সেটা হলো আমাদের কাজটা করে যাওয়া।'

দোন্নারুম্মা ও মুসিয়ালার ইনজুরি

'দোন্নারুম্মা খুবই খারাপ সময় পার করছে। ও মুসিয়ালার সঙ্গে যোগাযোগ করেছে। যারা ওকে চেনে, তারা জানে—ও কতটা কোমল মনের। মাঠে দুর্ঘটনা ঘটেই থাকে, কিন্তু কোনো বিদ্বেষ ছিল না, এটা স্পষ্ট।'

চেলসির ফাইনাল: 'বলতে চাই না, কারণ আমরা এখনো সেমিফাইনালেই। তাদের অভিনন্দন। তবে ফাইনাল নিয়ে কিছু বলা সঠিক নয়, কারণ আমাদের সামনে এখনো রিয়ালের বিপক্ষে সেমিফাইনাল আছে—এটা বিশাল চ্যালেঞ্জ।'

এনরিকে যোগ করেন, 'একটা দলকে ভালো করতে গেলে প্রয়োজন হয় বিশ্রাম, মানসিক রিফ্রেশমেন্ট। পরের মৌসুমের কথা ভাবার আগে এই মৌসুমটা ইতিহাসগড়া উপায়ে শেষ করাই আমাদের লক্ষ্য।'

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের আগে রিয়াল ও পিএসজি দুই দলই এসেছে ভিন্ন ধাঁচের প্রকল্প নিয়ে। একজন তরুণ কোচ (জাবি) নতুন কিছু গড়ছেন, অন্যদিকে এনরিক চায় স্থিতিশীলতা ধরে রাখতে। আর এসবের মধ্যেই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে সর্বত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত