বাংলাদেশ সিরিজ পিছিয়ে দিয়ে আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে চায় ভারত

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:১৪ এএম



‎আগস্টে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। সূচিও চূড়ান্ত হয়েছিল—১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা ছিল রোহিত শর্মাদের। কিন্তু হঠাৎ করেই কদিন আগে সিরিজটি স্থগিত করা হয়েছে, এবং তা পিছিয়ে দেওয়া হয়েছে আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত। তবে কী কারণে পেছানো হয়েছে, তা  বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

‎ওই সময় বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে যেতে সায় দিচ্ছে না। দিল্লি প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বলা হয়, ‘দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে, তাতে সে দেশে ভারতের ক্রিকেট দলের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না।’

বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় নতুন একটি আন্তর্জাতিক উইন্ডো তৈরি হয়েছে। সেই শূন্যস্থান পূরণ করতেই ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা। দ্বীপদেশটির একটি সংবাদমাধ্যমের দাবি, ভারতের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে। যদিও এখনো পর্যন্ত দুই দেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

‎এই সুযোগ তৈরি হয়েছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত হওয়ার কারণে। জুলাই-আগস্টে হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। সেটি পিছিয়ে যাওয়ায় শ্রীলঙ্কার ক্যালেন্ডারে বিরাট ফাঁক তৈরি হয়েছে। অন্যদিকে ভারতও বাংলাদেশ সফর না করায়, দু’দলেরই সূচিতে এখন সময় রয়েছে। ফলে আগস্টের মাঝামাঝি সময়েই এই দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

‎শ্রীলঙ্কা ২৯ আগস্ট থেকে জিম্বাবোয়ে সফরে যাবে। ফলে ভারতের সঙ্গে সিরিজ আয়োজন করতে হলে সেই সফরের আগেই তা শেষ করতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে, শিগগিরই সিরিজের সূচি ঘোষণা করা হতে পারে।

‎দুই দল শেষবার সাদা বলের সিরিজে মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে। ভারত জিতেছিল টি-টোয়েন্টি সিরিজ, আর শ্রীলঙ্কা জিতেছিল ওয়ানডে সিরিজ। এবার যদি নতুন করে সিরিজটি আয়োজিত হয়, তবে তা হতে পারে আরেকটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত