গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:১৮ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। রাত পৌনে ২টার দিকে শহীদ ফারুক সড়কের খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের তিন বছর বয়সী মেয়ে রাফিয়া। তিনজনকেই দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী তাসলিমা মনি জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তারা বের হয়ে আসেন। এরপর পাশের বাড়ি থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে রিপন ও তার পরিবারের তিন সদস্যকে আগুনে ঝলসে যেতে দেখেন। বাসার দরজা-জানালাও বিস্ফোরণে ভেঙে যায়। তারা সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তাসলিমা বলেন, ধারণা করা হচ্ছে—বাসায় গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ এবং শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত