কুমিল্লায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

কুমিল্লা জেলার নাঙ্গলকোটে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মো. নাছির ওরফে ফকির নামে এক যুবক মারা গেছেন। বুধবার (৯ জুলাই) রাতে মাছ ধরতে গিয়ে তিনি সাপের কামড়ে আহত হন। পরে তার মৃত্যু হয়।

নাছির উপজেলার মৌকরা ইউনিয়নের আলিয়ারা গ্রামের উত্তরপাড়ার মো. মোখলেছুর রহমানের বড় ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাতে বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যান নাছির। এ সময় সেখানে একটি বিষধর সাপ তাকে কামড়ায়। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, এলাকায় প্রাকৃতিক জলাশয়গুলোতে প্রায়ই সাপের উপদ্রব দেখা যায়। কিন্তু সঠিক ব্যবস্থা না থাকায় মাঝে মাঝে এমন দুর্ঘটনা ঘটে। মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত