গত তিন দিন ধরে অবিরাম বর্ষণের পর গতকাল বুধবার সন্ধ্যা থেকে নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও আজ বেলা ১১টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে।
রাতভর কিছু কিছু এলাকায় পানির স্তর কিছুটা কমলেও নতুন করে বৃষ্টির কারণে তা আবারও বাড়ার আশঙ্কা রয়েছে স্থানীয়দের মধ্যে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নোয়াখালীর সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
গতকাল সন্ধ্যায় কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নির্দিষ্ট কিছু এলাকায় পানির মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিন শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন চার শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে।
গতকাল সন্ধ্যা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ থাকায় সদর, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার অনেক এলাকায় পানির স্তর কমতে শুরু করলেও আজ বেলা ১১টার পর থেকে মুষলধারে বৃষ্টির কারণে তা আবার বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত তিন দিনের বর্ষণে নোয়াখালীতে পানির উচ্চতা ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা এখনও বিপদসীমার নিচে রয়েছে। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় আজ দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীতে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিজয়পুর সীমান্ত দিয়ে ফের ২১ বাংলাদেশিকে পুশইন