চাঁদা না দেওয়ায় খুন, মায়ের কবরের পাশে দাফন সোহাগকে

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:১৪ এএম

চাঁদাবাজদের হাতে নির্মমভাবে নিহত মিটফোর্ডের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) মরদেহ দাফন করা হয়েছে তার নানা বাড়িতে। আজ শুক্রবার সকালে বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

সোহাগের জন্মস্থান বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া হলেও ছোটবেলা থেকেই তার বসবাস ছিল রাজধানী ঢাকায়। মাত্র সাত মাস বয়সে বজ্রপাতে বাবা আইউব আলী মারা যাওয়ার পর মা আলেয়া বেগম দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে রাজধানীতে চলে আসেন। সোহাগ ছিলেন পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

দীর্ঘদিন ধরে তিনি মিটফোর্ড এলাকায় ‘মেসার্স সোহানা মেটাল’ নামে একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। থাকতেন কেরানিগঞ্জ মডেল টাউনে। স্ত্রী লাকি বেগম (৩০), মেয়ে সোহানা (১৪) ও ছেলে সোহানকে (১০) নিয়ে গড়ে তুলেছিলেন পরিবার।

নিহতের স্ত্রী লাকি বেগমের ভাষ্য অনুযায়ী, মিটফোর্ড এলাকার কুখ্যাত সন্ত্রাসী টিটু, রনি কাইউম, ছোট মনির এবং লম্বা মনিরের নেতৃত্বে একটি চক্র সোহাগের কাছে দীর্ঘদিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গত বুধবার বিকেলে তারা তার দোকানে তালা লাগিয়ে দেয়। পরে সোহাগ তালা ভেঙে দোকানে ঢুকতে গেলে সন্ত্রাসীরা পাথর দিয়ে তার মাথা ও শরীরে বেধড়ক আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায় তারা। অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলেই সোহাগ মারা যান।

ঘটনার পর নিহতের পরিবার ঢাকা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে। তবে স্বজনদের অভিযোগ, মামলায় ১৭, ১৮ ও ১৯ নম্বর আসামির প্রকৃত নাম বাদ দিয়ে অন্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে বরগুনায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়স্বজন ও স্থানীয়রা প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত