রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। একটি সভ্য সমাজে এমন ঘটনা কখনোই কাম্য নয়। এ জন্য দায়ী ব্যক্তিদের মধ্যে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে আরও একজনকে আটক করা হয়েছে। এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অস্ত্রসহ দুজনকে আটক করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও দুইজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) বিষয়টি তদন্ত করছে। ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, আমরা এখন অতি অসহিষ্ণু হয়ে পড়েছি। এ প্রবণতা কমানোর জন্য সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক ও চিকিৎসকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অপরাধ ঘটলে তা যেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কিছু লোকের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট কঠোর নয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যদি সক্রিয় না হতো, তাহলে পাঁচজনকে কীভাবে আটক করা সম্ভব হলো? সম্প্রতি কাঠমান্ডু ফ্লাইটে ফেরত আসার ঘটনায় যে নারী মিথ্যা তথ্য দিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে তাকে পরামর্শ দিয়েছিল, সেও আটক হয়েছে। চাঁদপুরের ঘটনায়ও দোষীদের শাস্তির আওতায় আনা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তদন্তে সাময়িক বিলম্ব হতে পারে, তবে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই: র্যাব মহাপরিচালক
শাহজালাল বিমানবন্দরে বোমা আতঙ্ক, আটক ৩