পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত করতে তরুণদের রাজপথে থাকার আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার 

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৩:৪৫ পিএম

তরুণদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। এখনো সংস্কারের অনেক কিছু রয়েছে।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে এমন মন্তব্য করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শিশুসহ অনেক উজ্জীবিত তরুণ দেশের জন্য প্রাণ হারিয়েছে। এসময় অনেককে দেখেছি বিভিন্ন হাসপাতালে শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন। কেউ কেউ মৃত্যুবরণ করে হাসপাতালের বারান্দায় পড়ে রয়েছে। অনেক শিশুও এসময় স্বৈরাচারের গুলি থেকে রেহায় পায়নি। গুলিতে আহত হয়ে মৃত্যুবরণ করেছে।

তরুণদের দেশপ্রেমের এমন উজ্জ্বল দৃষ্টান্ত সত্যিই গৌরবের সঞ্চার করে বলে মনে করেন তিনি।

স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা ও জামায়াত নেতা ডা. শাহাদাত হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী, টিকে গ্রুপের ডিরেক্টর মোফাচ্ছেল হক প্রমুখ।

একইদিন বিকালে উপজেলা অডিটোরিয়ামে চট্টগ্রামের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় খামারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত