সেপ্টেম্বরের শুরুতেই ভিয়েতনামে বসছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্ব। ভারত ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর বাংলাদেশ? আড়াই ঘণ্টা ধরে জাতীয় দল কমিটির সভা করেও অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিয়েই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু তাই নয়, নেপালের বিপক্ষে প্রস্তাবিত প্রীতি ম্যাচ নিয়েও অনিশ্চয়তা কাটেনি।
ভিয়েতনামে বাছাইয়ের সময় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা ব্যস্ত থাকবেন সিনিয়র দল নিয়ে। তাই অনূর্ধ্ব-২৩ দলের জন্য নতুন কোচ প্রয়োজন।
এএফসি অনূর্ধ্ব-২৩ দলের কোচ হওয়ার জন্য এএফসি প্রো লাইসেন্স বাধ্যতামূলক। দেশি কোচদের মধ্যে এই সনদ আছে পাঁচজনের— মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবু। তবে তাদের মধ্য থেকে কেউ কেউ আগ্রহী নন দায়িত্ব নিতে। ফলে সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় এসেছেন টেকনিক্যাল ডিরেক্টর টিটু ও ফর্টিজ কোচ মাসুদ পারভেজ কায়সার। তবে সিদ্ধান্ত? হয়নি কিছুই।
অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প ফর্টিজ স্পোর্টস একাডেমিতে হওয়ার সম্ভাবনা বেশি। তবে দেশেই হবে নাকি বিদেশে—তা নিয়েও সিদ্ধান্ত হয়নি। আগস্টের শুরুতেই ক্যাম্প শুরুর পরিকল্পনা থাকলেও এখনো সূচি চূড়ান্ত নয়। তবে আলোচনায় এসেছে ফর্টিজের ডরমেটরি ব্যবস্থার উন্নয়ন। ভবিষ্যতে জাতীয় দলও এখানে ক্যাম্প করতে পারে বলে আশাবাদ জানিয়েছে বাফুফে।
সাম্প্রতিক প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকে ৬-৭ জনকে ডাকা হতে পারে ক্যাম্পে। আলোচনায় আছেন—বিতোশোক চাকমা, একরামুল কাসপার, ইমান আয়াজ, জায়ান আহমেদ, ইমান আলম। এছাড়া জাতীয় দলে খেলা ফাহামিদুল ইসলাম (১৮ বছর বয়সে অনূর্ধ্ব-২৩-এর জন্য যোগ্য) ও ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেল-কে নিয়েও প্রস্তাব দিয়েছেন কয়েকজন সদস্য।
নেপাল ফুটবল ফেডারেশন ৬ ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ঘোষণা দিলেও আজকের সভায় সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দক্ষিণ এশিয়ার বাইরে আরেকটি দেশ আগ্রহ দেখালেও তার নাম প্রকাশ করেনি বাফুফে। আগামী তিন-চার দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।
যদিও কাবরেরার কোচিং পারফরম্যান্স নিয়ে কোনো এজেন্ডা ছিল না সভায়, জাতীয় দলের সাবেক তারকা এক সদস্য সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর নানা অসঙ্গতির অভিযোগ তুলেছিলেন। আজকের সভায় এ নিয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন ম্যানেজার আমের খান। তবে কোনো জবাবদিহির প্রসঙ্গ আনেনি বাফুফে।
মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচ নিয়ে আজ আলোচনা হয়েছে ভুলত্রুটি সংশোধনের ব্যাপারে। পরামর্শ দেওয়া হয়েছে, তবে কাউকে জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়নি।’
সময় গড়াচ্ছে, সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তবু বাফুফের সিদ্ধান্তহীনতা যেন কাটছেই না। সভা হয়, আলোচনাও হয়, কিন্তু মাঠে নামার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা—সেটাই এখনো অধরা।
ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসির সভা
ছেলের ১৮তম জন্মদিন ঘিরে বাড়াবাড়িতে খুশি নন ইয়ামালের মা