রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কলেজ কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল থেকে এই সিদ্ধান্তের কথা জানান তারা।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা মিটফোর্ড হাসপাতালে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা, হাসপাতালসংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং আনসার সদস্যদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকার দাবি তোলেন।
গত ৯ জুলাই হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। সেই থেকে মিটফোর্ড এলাকায় অস্থিরতা বিরাজ করছে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শুধু মিটফোর্ড নয়, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে।
তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জানা গেছে, রবিবার আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট