আবু সাঈদ হত্যা

২৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ 

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় পলাতক ২৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে গত ৩০ জুন এ মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) মো. হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই দিন ২৬ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল আদালত।

পাশাাপশি এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ- পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশকে শ্যোন অ্যারেস্ট দেখায় ট্রাইব্যুনাল। রবিবার এ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান ও মঈনুল করিম। প্রসিকিউটর মঈনুল করিম দেশ রূপান্তরকে বলেন, এ মামলার দুই আসামি আনোয়ার পারভেজ আপেল ও রাফিউল হাসান রাসেল অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ তাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে দুজনকে ২২ জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া অপর ২৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই বেরোবির সামনে পার্ক মোড়ে আবু সাঈদকে গুলি করে পুলিশ। পরে তিনি মারা যান। আবু সাইদ জুলাই- আগষ্ট গণঅভ্যত্থানের প্রথম শহীদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আবু সাঈদ হত্যার পর সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ২৪ জুন ৩০ জনকে আসামি করে আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত