গাজায় নিহত ১১০

‘ত্রাণ নেওয়ার ব্যাগ দিয়েইে কাফনের কাপড় বানানো হচ্ছে’

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম

ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় শনিবার গাজায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন রাফাহর দক্ষিণাঞ্চলে তথাকথিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সামনে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষ।

এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা অচল হয়ে পড়েছে। পাশাপাশি গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠেছে।

রাফাহ শহরের আল-শাকুশ এলাকায় জিএইচএফের এক কেন্দ্রের সামনে প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা মানুষরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা সরাসরি নিরীহ ফিলিস্তিনিদের দিকে গুলি চালিয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের স্থাপনাকে ইতোমধ্যেই ‘মানব হত্যাকাণ্ডের স্থান’ এবং ‘মৃত্যু ফাঁদ’ বলে নিন্দা করেছে।

হামলা থেকে বেঁচে যাওয়া সামির শা’আত বলেন, ‘ঘটনাস্থলে রক্তের পুকুর তৈরি হয়েছে। মানুষ যেসব ব্যাগ নিয়ে খাবার নিতে এসেছিল সেই ব্যাগগুলো দিয়েই এখন তাদের কাফনের কাপড় বানানো হচ্ছে। এটা মৃত্যুর ফাঁদ ছাড়া আর কিছু নয়।’

এই হামলা থেকে বেঁচে যাওয়া ফিলিস্তিনি মোহাম্মদ বারবাখ জানান, ইসরায়েলি স্নাইপারের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘ওরা আমাদের সাথে প্রতারণা করে, বলে সাহায্য নিতে এসো। ব্যাগ নিতে দেয়, তারপর আমাদের লক্ষ্য করে হাঁস শিকারের মতো গুলি ছুঁড়তে শুরু করে।’

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজ্জুম জানান, জিএইচএফের একমাত্র চালু থাকা কেন্দ্রে কোনো রকম সতর্কতা ছাড়াই ইসরায়েলি সেনারা গুলি চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত