২১ দিন ছুটির নিশ্চয়তা পেলেন ফুটবলাররা

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম

টানা খেলার শারীরিক ও মানসিক ধকল থেকে মুক্তি মিলতে যাচ্ছে ফুটবলারদের। এখন থেকে দুটি ফুটবল ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টার বিরতি এবং দুই মৌসুমের মাঝে তিন সপ্তাহের ছুটি পাবেন ফুটবলাররা। ফিফা ও খেলোয়াড়দের ইউনিয়নগুলোর মধ্যে এ নিয়ে সমঝোতা হয়েছে।

দুই ম্যাচের মধ্যে অন্তত্য ৭২ ঘণ্টার বিরতি না থাকা নিয়ে ২০২৪-২৫ মৌসুমে খেলোয়াড়-কোচদের ক্ষোভ দেখা গেছে।

ফুটবলের প্রচলিত ধারা হচ্ছে, খেলোয়াড়েরা সারা বছর ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন। ফুটবল লিগ সাধারণত ৯ থেকে ১০ মাস ধরে চলে। সঙ্গে আছে মহাদেশীয়, আঞ্চলিক টুর্নামেন্ট। আর ক্লাব ফুটবলের মৌসুমের মধ্যেই চলে আন্তর্জাতিক ফুটবল।

ইউরোপে সাধারণত ফুটবল মৌসুম মে-জুনের মধ্যে শেষ হয়ে আবার শুরু হয় আগস্টে। তার আগে জুলাইয়ে শুরু হয় নতুন মৌসুমের প্রস্তুতি। অর্থাৎ ফুটবলারদের ছুটি থাকে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। চলতি বছর নতুন করে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। তাতে খেলোয়াড়দের ছুটি আরও কমে এসেছে।

তবে ফিফার বিবৃতিতে বলা হয়েছে 'ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে ম্যাচগুলোর মধ্যে অন্তত ৭২ ঘণ্টা বিশ্রাম বাধ্যতামূলক থাকা উচিত এবং প্রত্যেক মৌসুম শেষে খেলোয়াড়দের জন্য কমপক্ষে ২১ দিনের একটি বিশ্রাম বা ছুটির ব্যবস্থা থাকতে হবে।'

এই ছুটি ও দুটির ম্যাচের মধ্যে বিরতির বিষয়টি ক্লাব এবং সংশ্লিষ্ট খেলোয়াড়েরা নিজেদের মতো করে ব্যবস্থাপনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত