কেনটাকির গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৩

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের কেনটাকির লেক্সিংটনে গতকাল রবিবার এক বন্দুকধারীর গুলিতে দুই নারী প্রাণ হারিয়েছেন এবং দুই পুরুষ গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এর আগে ওই ব্যক্তি ব্লু গ্রাস বিমানবন্দরের কাছে এক রাজ্য পুলিশ সদস্যকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে ব্লু গ্রাস বিমানবন্দরের অদূরে, যখন গাড়ির লাইসেন্স প্লেট শনাক্তকরণ সিস্টেমে একটি সতর্কতা আসার পর এক পুলিশ কর্মকর্তা একটি যানবাহন থামান। তখনই চালক হঠাৎ করে পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত সেখান থেকে একটি গাড়ি ছিনতাই করে প্রায় ১৫ মাইল দূরে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চের দিকে রওনা দেয়—এমনটাই জানিয়েছেন লেক্সিংটন পুলিশের প্রধান লরেন্স উইদার্স।

তদন্তকারীরা মনে করছেন, হামলাকারীর সঙ্গে ওই গির্জার কিছু ব্যক্তির পূর্বপরিচয় থাকতে পারে, তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি পুলিশপ্রধান। তিনি বলেন, গির্জায় পৌঁছেই অস্ত্রধারী উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি চালান।

পরে ঘটনাস্থলে পৌঁছানো তিনজন পুলিশ সদস্য পাল্টা গুলি ছুড়ে হামলাকারীকে হত্যা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্ত করা গেলেও পরিবারকে এখনও আনুষ্ঠানিকভাবে অবহিত না করায় নাম প্রকাশ করেনি পুলিশ।

গুলিতে নিহতদের মধ্যে রয়েছেন ৩৪ বছর বয়সী ক্রিস্টিনা কম্বস এবং ৭২ বছর বয়সী বেভারলি গাম। যদিও ফায়েট কাউন্টি করোনার অফিস এর আগে কম্বসের বয়স ৩২ বলে জানিয়েছিল।

আহত দুই পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও অপরজন স্থিতিশীল বলে জানিয়েছেন পুলিশপ্রধান উইদার্স। গুলিবিদ্ধ রাজ্য পুলিশ সদস্যও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে প্রথম যে হামলা হয়েছে, তা টার্মিনালের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও টার্মিনাল ড্রাইভের একটি অংশে এর প্রভাব পড়ে। এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যাত্রীদের খোলা পার্কিং স্পটে পৌঁছে দিচ্ছে এবং ফ্লাইট ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ফায়েট কাউন্টির করোনার গ্যারি গিন সংবাদ সম্মেলনে বলেন, রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চটি একটি ছোট ধর্মীয় গোষ্ঠী, যাদের বেশিরভাগ সদস্যই আত্মীয়তার বন্ধনে জড়িত। এই গির্জার সদস্যদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

চার্চটি লেক্সিংটনের ওল্ড রিচমন্ড রোড করিডোর এলাকায় অবস্থিত, যেখানে রয়েছে একটি ঘোড়সওয়ারি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি আলপাকার খামার। গির্জার ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিকে “স্বাধীন, ল্যান্ডমার্ক, সার্বভৌম অনুগ্রহে বিশ্বাসী, মিশনারি নিউ টেস্টামেন্ট ব্যাপটিস্ট চার্চ” হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে পাদ্রির ৮০০-র বেশি ধর্মোপদেশ ভিডিও আকারে সংরক্ষিত রয়েছে।

ঘটনার পর কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এক বিবৃতিতে জনগণকে আইনপ্রয়োগকারী সংস্থার দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানানোর অনুরোধ করেন। এক্স-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “এই মর্মান্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য প্রার্থনা করুন এবং লেক্সিংটন পুলিশ ও কেনটাকি স্টেট পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান।”

কংগ্রেসম্যান অ্যান্ডি ব্যার এক্স-এ লেখেন, “আজ আহত কেনটাকি রাজ্য পুলিশের সদস্য এবং রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চের সকল আহত সদস্যদের জন্য প্রার্থনা করছি। আমি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং রাজ্য পুলিশ ও জরুরি সেবা কর্মীদের প্রতি কৃতজ্ঞ।”

কেনটাকির অ্যাটর্নি জেনারেল রাসেল কোলম্যান বলেন, “আজ ঈশ্বরের ঘরেই সহিংসতা প্রবেশ করেছে। লেক্সিংটনে আইনশৃঙ্খলা বাহিনী ও ধর্মপ্রাণ মানুষের ওপর এই আক্রমণ গোটা কমনওয়েলথকে স্তব্ধ করে দিয়েছে।”

এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে কেনটাকির সিনেটর র‍্যান্ড পল বলেন, “এই মর্মান্তিক গুলির ঘটনা শুনে আমি গভীরভাবে শোকাহত। আমরা সাহসী জরুরি কর্মীদের প্রতি কৃতজ্ঞ। কেনটাকিতে এমন সহিংসতার কোনো স্থান নেই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত