যাত্রী ফেলে চলে গেল ট্রেন, বরখাস্ত স্টেশন মাস্টার

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুল সিগন্যালের কারণে নির্ধারিত স্টপেজ না দিয়েই চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চলে যায়, ফেলে যায় শতাধিক যাত্রীকে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার জেরে তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গঠিত হয়েছে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, এ বিষয়ে তদন্ত চলছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ৮০২ নম্বর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নিয়ম অনুযায়ী নাঙ্গলকোট স্টেশনে থামার কথা ছিল। তবে সিগন্যাল বিভ্রাটের কারণে ট্রেনটি স্টেশন অতিক্রম করে চলে যায়। এতে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ক্ষুব্ধ যাত্রীরা পরে স্টেশন মাস্টারকে ঘেরাও করে প্রতিবাদ জানান।

স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীল দাবি করেন, তিনি লাকসাম কেবিনের মাস্টারকে সিগন্যাল দেওয়ার দায়িত্ব দেন। কিন্তু ওই মাস্টার চট্টলা এক্সপ্রেসকে সুবর্ণ এক্সপ্রেস ভেবে সিগন্যাল দেননি। তাঁর মতে, কেবিন মাস্টারের ভুলেই এই বিভ্রাট ঘটে।

অন্যদিকে, লাকসাম রেলওয়ের কেবিন মাস্টার শিমুল মজুমদার বলেন, ‘আমি ৮০২ নম্বর চট্টলার কাগজ দিয়েছি, ৭০২ নম্বর সুবর্ণ এক্সপ্রেসের কিছু দিইনি। আমরা দুজন মাস্টার ভুল করতেই পারি, তবে ট্রেনের চালক তো বুঝতে পারতেন। চাইলে গার্ডও ব্রেক দিতে পারতেন।’

পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে নাঙ্গলকোট স্টেশনে অতিরিক্তভাবে থামানো হয় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে, যাতে করে চট্টগ্রামগামী যাত্রীরা বিকল্প পরিবহন পান।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত