৬ বিভাগে বৃষ্টি হতে পারে

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৮:২৫ এএম

দেশের অন্তত ১৩টি অঞ্চলে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এসব এলাকায় কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়ার আরও একটি পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত