নোয়াখালীর চাটখিল উপজেলার বাদলকোট ইউনিয়নের মঘো বাজারের পাশে একটি খালে ভাসমান অবস্থায় এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চাটখিল থানা পুলিশ জানায়, মরদেহটি বাদলকোট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালামিয়া পাটোয়ারী বাড়ির সামনের খাল থেকে উদ্ধার করা হয়। মৃত শিশুর নাম আরফি হোসেন, বয়স ১৩ বছর। সে মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
আরফির পরিবার জানায়, সে প্রায়ই হঠাৎ ঘর থেকে বেরিয়ে যেত এবং কখনো কখনো দুই দিন পর্যন্ত বাড়ি ফিরত না। গত শুক্রবার বিকেলে সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে খালের পানিতে মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার ফলে তার চোখ-মুখসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ইব্রাহিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। তাদের ধারণা, আরফি খালের পানিতে পড়ে গিয়েই প্রাণ হারিয়েছে।
রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ১০০ শতাংশ শুল্ক আরোপ
ডলার সস্তা, রিজার্ভে স্বস্তি