পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ। গতকাল সোমবার বিকেলে মাছভর্তি ট্রলারটি আলীপুর মৎস্যবন্দরে ফিরলে, নিলামে এসব ইলিশ বিক্রি হয় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়।
জেলে আবু সালেহ জানান, ‘এফ বি আল্লাহর দান’ নামের একটি ট্রলারে ২২ জন জেলে গত বৃহস্পতিবার আলীপুর ঘাট থেকে সাগরের উদ্দেশে যাত্রা করেন। কুয়াকাটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার গভীর সমুদ্রে গিয়ে তাঁরা জাল ফেলেন। শনিবার বিকেলে জাল তুলতেই দেখা যায়, বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়েছে। এরপর ট্রলারটি সোমবার বিকেলে বন্দরে ফিরে আসে।
মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বাজারে মেসার্স খান ফিসের আড়তে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাগর মিয়া জানান, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৭৩ হাজার, ৬০০–৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৫৮ হাজার এবং ৪০০–৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৪৪ হাজার টাকা দরে বিক্রি হয়। এ ছাড়া অন্যান্য সামুদ্রিক মাছের দাম পড়ে ৪০ হাজার টাকা। সব মিলিয়ে মাছের মূল্য দাঁড়ায় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকা।
এর আগে ৯ জুলাই একই এলাকায় ‘এফ বি সাদিয়া-২’ ট্রলারে ধরা পড়ে ৬৫ মণ ইলিশ। সেই চালানটিও মেসার্স খান ফিসে বিক্রি হয় ৩৯ লাখ ৬০ হাজার টাকায়।
মেসার্স খান ফিসের মালিক আবদুর রহিম খান বলেন, “জেলেরা আজ বড় আকারের ইলিশ নিয়ে বন্দরে ফিরেছেন। কয়েক দিন ধরেই গভীর সমুদ্রে ভালো পরিমাণ মাছ ধরা পড়ছে।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ‘এই সময় জেলেরা গভীর সমুদ্রে গিয়ে ভালো পরিমাণ ইলিশ পাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে মাছের সরবরাহ আরও বাড়বে।’
অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রশংসায় বিশ্বব্যাংক
ট্রাম্পের পাশে হাসিমুখে থাম্বস আপ দেওয়া কে এই ইরানি রেফারি?