অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগস্ট থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকায় ৩০ কেজি চাল দেওয়া হবে। এই কর্মসূচি ছয় মাস ধরে চলবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা বলেন, আগস্ট থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আবার চালু হচ্ছে। এতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস চাল বিতরণ করা হবে। ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি বন্ধ থাকবে। পরে ফেব্রুয়ারি ও মার্চে আবার চাল দেওয়া হবে।
খাদ্য নিরাপত্তা ও বন্যার প্রভাব মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এ জন্য সরকারি খাতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। বেসরকারি খাতে আরও ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন কোথাও ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে: আলী রীয়াজ
আ.লীগের সময়কালের সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় যাচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা