নিজের সংগ্রহগুলো কেন ইবে-তে বিক্রি করে দিচ্ছেন ডেভিড গাওয়ার

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম

নিজের সংগ্রহে দুর্লভ ও মূল্যবান কোনো সামগ্রী থাকলে সেগুলো বিক্রির জন্যে সাধারণত নিলাম হাউজগুলোকেই বেঁছে নেন যে কেউ। তবে সেই পথে হাঁটেননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার। এ কিংবদন্তি তার ক্যারিয়ারের দুর্লভ কিছু স্মারক বিক্রির জন্য বেছে নিয়েছেন ইবে’র মতো অনলাইন প্ল্যাটফর্ম।

ইবে-তে ব্যবহৃত জুতা, বাগানের আসবাব বা পুরনো আইফোনের ভিড়ে এবার খুঁজে পাওয়া যাচ্ছে একেবারেই ব্যতিক্রমধর্মী কিছু জিনিস। যেমন ১৯৮১ সালের ঐতিহাসিক সাবেক বোথামস অ্যাশেজ সিরিজের একটি ব্যাট, যেখানে সেই সময়ের কিংবদন্তি খেলোয়াড়দের স্বাক্ষর রয়েছে; ৭০-এর দশকের এমসিসি ও ইংল্যান্ড ট্যুর ব্লেজার; এবং অস্ট্রেলিয়ান গ্রেটদের পুরনো যুগের একটি ব্যাগি গ্রিন টুপি — এসবই নিলামের জন্য তোলা হয়েছে। এই সামগ্রীগুলো ডেভিড গাওয়ারের ব্যক্তিগত সংগ্রহের অংশ। মূলত ঘর গোছানোর তাগিদে নিজের দীর্ঘ ক্যারিয়ারে সংগৃহীত এসব মূল্যবান জিনিস তিনি এবার বিক্রি করছেন কিছুটা মন খারাপ নিয়েই।

গাওয়ার সিটি এএমকে বলেন, ‘এই নিলামে থাকা প্রতিটি জিনিস আমার অ্যাটিকে (ছাদঘরে) বছরের পর বছর ধরে ছিল। এই বিক্রি প্রক্রিয়াটা আমার জন্য ঘর গুছিয়ে ফেলার একটা সূচনা, আর এতে আমি এগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পারছি। যারা হয়তো এসব জিনিসের মালিকানা পেলে উপভোগ করবেন। যতদিন মানুষ আমাকে মনে রাখছে, ততদিনই এগুলো ভাগ করে দেওয়াই ভালো!’

নিলামে কিছু আইটেমের শুরু মূল্য মাত্র ৫০ পাউন্ড থেকে। যেমন স্বাক্ষরিত থাই প্যাড ও হ্যাম্পশায়ার সিসিসির জার্সি। আর সবচেয়ে দামি স্মারকগুলোর মধ্যে রয়েছে গাওয়ারের টেস্ট ক্যারিয়ারে ব্যবহৃত স্বাক্ষরিত ব্যাট, যেগুলোর রিজার্ভ মূল্য ধরা হয়েছে ১ হাজার পাউন্ড। ‘নিলামে তোলা প্রতিটি জিনিসই আমি দিচ্ছি এই কারণে যে কেউ যেন এগুলো উপভোগ করতে পারেন,’ বলেন ৬৮ বছর বয়সী গাওয়ার, যিনি অবসরের পর প্রায় ৩০ বছর ধরে ক্রিকেট ব্রডকাস্টিংয়ের খুব পরিচিত মুখ। যোগ করেন, ‘আমি হয়তো কিছু ট্যুর ব্লেজার ছাড়তে একটু অনিচ্ছুক, বিশেষ করে এমসিসির ট্যুরিং কালারের প্রথম দিকের ব্লেজারগুলো। যেগুলো একদিকে ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের অংশ, আর অন্যদিকে আমার ক্যারিয়ারের অনেক স্মরণীয় মুহূর্তের প্রতিনিধিত্ব করে।’

গাওয়ার নিজেও একজন সংগ্রাহক। মূলত ক্রিকেট-সংশ্লিষ্ট জিনিসপত্রের পাশাপাশি ক্রীড়া-সংক্রান্ত অন্যান্য জিনিস ও চিত্রশিল্পও তার সংগ্রহে রয়েছে। তিনি ডেভিড শেফার্ডের আঁকা বন্যপ্রাণীর চিত্রকর্মের বিশেষ ভক্ত। তিনি বলেন, ‘আমার কাছে জন ম্যাকেনরোর একটি ডানলপ র‍্যাকেট কোথাও আছে এবং স্ট্যানলি ম্যাথিউজের স্বাক্ষরিত একটি প্রিন্টও আছে। যেহেতু সেটা এই নিলামে নেই, তবে কেউ চাইলে আমাকে একটি অফার দিতে পারেন!’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত