সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স থাকলেও বারবার জাতীয় দলের বাইরে থেকে যাচ্ছেন নুরুল হাসান সোহান। বিশেষ করে ওয়ানডে দলে জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, নির্বাচকদের সুনজরেই আছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা প্রিমিয়ার লিগ, ‘এ’ দল কিংবা ঘরোয়া ক্রিকেট—সবখানেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সোহান। এবারের প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ম্যাচে করেছেন ৫১২ রান, দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে গড় ৫৮, স্ট্রাইকরেট ৯৩.৫৪। আগের মৌসুমেও রান করেছিলেন ৪৯৫।
এরপরও সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। অথচ কিছুদিন আগেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে করেছিলেন সেঞ্চুরি, ওয়ানডেতে খেলেছিলেন ১১২ রানের ইনিংস। তবুও জাতীয় দলে না থাকা স্রেফ ‘দুর্ভাগ্য’ বলেই মনে করছেন অনেকেই।
তবে ফাহিম মনে করেন, সোহান এখনো নির্বাচকদের ভাবনায় আছেন, ‘অবশ্যই সোহান খুবই ভালো ক্যাপ্টেন, খুবই ভালো প্লেয়ার, ভালো লিডার, ভালো মোটিভেটর। আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি এবং আমি একজন ফ্যানও ওর। দারুণ একজন ক্রিকেটার এবং তার দিকে আমাদের নির্বাচকদের খুব ভালো চোখ আছে।’
এই মুহূর্তে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলছেন সোহান। সেখানে ভালো পারফরম্যান্স নির্বাচকদের সামনে তাকে নতুন করে তুলে ধরতে পারে—বিশেষ করে আসন্ন পাকিস্তান সিরিজের আগে।
সোহানের জিএসএলে খেলা নিয়েও আশাবাদী ফাহিম, ‘আমি আনন্দিত যে সে এই টুর্নামেন্টটা খেলছে এবং ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে। এটা শুধু ওখানেই নয়, আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও কাজে আসবে। ওদের পারফরম্যান্সগুলো আমরা দেখছি, সেগুলো ভবিষ্যতের দল গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’জাতীয় দলের দরজা এখনও যে সোহানের জন্য বন্ধ হয়ে যায়নি, ফাহিমের কথায় স্পষ্ট সেটিই।
‘৮০০ টাকার’ ঘরোয়া ক্রিকেটের দেশে বিপিএল ঘিরে উৎসব, তাসামুলের ক্ষোভ
অলিখিত ‘ফাইনালে’ বাংলাদেশের বিপক্ষে চাপে শ্রীলঙ্কাই