গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানার সামনে ব্লকেড করেছে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বুধবার বিকেল ৫টার দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানার সামনে এক্সপ্রেসওয়েতে ব্লকেড করে। বিকেল ৬টার দিকে ব্লকেড থেকে সরে দাঁড়ালে পদ্মা সেতুতে চলাচল বন্ধ স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গমুখী লেনে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা অবস্থান গ্রহণ করলে পদ্মা সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণবঙ্গের যাত্রীরা। পরে ৬টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ইব্রাহিম নিরব বলেন, মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় ব্লকেড প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানান তিনি।
পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, প্রায় এক ঘণ্টা দক্ষিণবঙ্গমুখী যান চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা এক্সপ্রেসওয়ে থেকে সরে যাওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
