চট্টগ্রামে ছাত্র সমাবেশে নাছির উদ্দিন

শাসনব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই ওয়াসিমরা শহীদ হয়েছিল

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, জুলাই-আগস্টের গণ‌ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছিল, 'চলে আসুন ষোলশহর'।‌ বিরোধীদলের রাজনীতিতে যুক্ত থাকার কারণে ওয়াসিমের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। সেদিন ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ওয়াসিমসহ তানভীর সিদ্দিকী, হৃদয়রা শহীদ হয়েছিল।

বুধবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান সংলগ্ন সড়কে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের বীরত্বগাথা স্মরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের এইদিন সাঈদ-ওয়াসিমদের শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু রাষ্ট্র কোনো কর্মসূচি গ্রহণ করেনি। আজকের এইদিনে গোপালগঞ্জে যাওয়া এনসিপির কতটা যুক্তিসঙ্গত তা জনগণের কাছে আমাদের প্রশ্ন। দেশের সৎ ও সাহসী প্রশাসনিক লোকজনকে জামাতের পরামর্শে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে আওয়ামী উচ্ছিষ্টভোগীদের পদায়ন করা হয়েছে। তাই আইনশৃঙ্খলার অবনতি বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, একুশ শতকের সঙ্গে তাল মিলিয়ে আমরা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করছি। কিছুদিন আগে চুয়েটে ছাত্রদলের ঘোষিত কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন সাধারণ ছাত্রদের ব্যানারে মববাজি করেছিল। সে সঙ্গে চুয়েট উপাচার্য মববাজির পক্ষ নেয়ায় আমি নিন্দা প্রকাশ করছি। কেউ প্রকাশ্য রাজনীতিতে আসলে আমরা স্বাগত জানাবো। কিন্তু গুপ্ত ভাবে কোন অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করলে ছাত্রদল তা শক্তভাবে মোকাবেলা করবে। আগামী দুই মাসের মধ্যে দেশের সকল প্রতিষ্ঠানে কমিটি গঠন করবে ছাত্রদল। কেউ বাধা প্রদান করলে তার সমুচিত জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি যথাক্রমে ইজাজুল কবির রুয়েল, আরিফুল ইসলাম আরিফ, কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ফারুক হোসেন, বায়েজিদ হোসাইন, মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত