চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক, অধ্যাপক বদিউর রহমান। গত বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোকাহত দেশ ও বিদেশে উদীচীর শিল্পী-কর্মী-সংগঠকরা।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় অধ্যাপক বদিউর রহমানের মরদেহ। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উদীচী কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন এবং উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অধ্যাপক বদিউর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় বরিশালে। সেখানে উদীচী জেলা কার্যালয়ে প্রথম শ্রদ্ধা জানানো হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরবর্তী সময়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি দেওয়া হবে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বরিশাল কবরস্থানে সমাহিত করা হয় অধ্যাপক বদিউর রহমানকে।
