মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তানে গত মাসে একটি সমকামী পার্টিতে গভীর রাতে অভিযান চালিয়ে অন্তত ২০ জন পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এক কর্মকর্তা এ তথ্য জানান।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় সমকামিতা অপরাধ হিসেবে বিবেচিত। দেশটি সমলিঙ্গ প্রেম বা এলজিবিটিকিউদের প্রতি বরাবরই জিরো টলারেন্স।
কেলান্তান রাজ্যের পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ মামাত জানান, জনসাধারণের কাছ থেকে তথ্য পেয়ে কোটা ভারু শহরের একটি ভাড়া বাসায় নজরদারি চালানো হয়। সেখান থেকেই ২০ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেছে যে তারা একটি গে গ্রুপের অংশ।
মোহাম্মদ ইউসুফ জানান, যদিও ওই সমাবেশে যৌন কর্মকাণ্ডের কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, তবে ঘটনাস্থল থেকে কনডম ও এইচআইভি চিকিৎসার ওষুধ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনজনের মোবাইল ফোনে সমকামী পর্নোগ্রাফিক উপাদান থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তবে বাকি পুরুষদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট আইন বা শারীরিক প্রমাণ না থাকায় তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বহু জাতি ও ধর্মবিশিষ্ট মালয়েশিয়ায় দ্বৈত আইন ব্যবস্থা চালু আছে—যেখানে মুসলমানদের জন্য শরিয়া আইন ও বাকি নাগরিকদের জন্য দেওয়ানি আইন পাশাপাশি চলে।
২০১৮ সালে দুই নারীকে আদালতের ভেতরে জনসম্মুখে বেত্রাঘাত করা হয়। কারণ তারা সমকামী সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
