এক ম্যাচ পর আবার মেসির জোড়া, প্রতিপক্ষের জালে মায়ামির ৫

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম

লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টের উপর ভর করে মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি। এ নিয়ে ৭ ম্যাচে ষষ্ঠ জোড়া গোল করলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী।

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ‘লাস গারজাস’। নিউ ইয়র্ক রেড বুলসের আলেকজান্ডার হ্যাক কর্নার থেকে গোল করে ১-০ এগিয়ে দেন স্বাগতিকদের। এরপরই জ্বলে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক।

প্রথমে একটি নিখুঁত পাসে জর্দি আলবাকে গোলের সুযোগ তৈরি করেন মেসি, যেটি দিয়ে সমতায় ফেরে ইন্টার মায়ামি। পরক্ষণেই আলবার সঙ্গে টিকিটাকা পাসের মাধ্যমে ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলাসকো সেগোভিয়াকে দিয়ে গোল করিয়ে দলকে এগিয়ে দেন মেসি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই ফেডেরিকো রেদোনদোর একক প্রচেষ্টায় বল পেয়ে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সেগোভিয়া — স্কোরলাইন তখন ৩-১।

দ্বিতীয়ার্ধে নিউ ইয়র্ক ডিফেন্সকে আরও বিপর্যস্ত করে তোলেন মেসি। সার্জিও বুসকেটসের পাসে গোলরক্ষক কার্লোস করোনেলকে কাটিয়ে চতুর্থ গোলটি করেন। এরপর নিজের বুক দিয়ে বল কন্ট্রোল করে আরেকটি নিখুঁত ফিনিশে পঞ্চম গোলটি করে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি।

এই জয়ে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়াল ৪১, যা তাদের ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে নিয়ে গেল। আগামী ২৬ জুলাই দলটি সিএফ সিনসিনাটিকে আতিথ্য দেবে চেজ সেন্টারে। এরপর ৩০ জুলাই থেকে শুরু হবে লিগস কাপ, যেখানে তারা মুখোমুখি হবে মেক্সিকোর আতলাস, নেকাক্সা ও পুমাসের বিপক্ষে।

ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ পাঁচ দল):
১. ন্যাশভিল – ৪৭ পয়েন্ট
২. ফিলাডেলফিয়া – ৪৭
৩. সিনসিনাটি – ৪৬
৪. কলম্বাস – ৪৪
৫. ইন্টার মায়ামি – ৪১

×
সর্বশেষ সর্বাধিক পঠিত