নেইমারের প্রত্যাবর্তনেও সান্তোসকে রক্ষা করা গেল না। সদ্য উন্নীত ক্লাব মিরাসল সান্তোসকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে, যা ব্রাসিলেইরাও ২০২৫ মৌসুমের অন্যতম বড় অপ্রত্যাশিত ফলাফল হিসেবে ধরা হচ্ছে।
সান্তোসের হয়ে দ্বিতীয় ম্যাচে টানা মূল একাদশে থাকা নেইমার পুরো ম্যাচ খেললেও ছিলেন অনুজ্জ্বল। শারীরিকভাবে ক্লান্ত, ধীরগতির, এবং মাঠে তেমন কোনো কার্যকর মুহূর্ত উপহার দিতে পারেননি।
তবে হারই শুধু নয়, ম্যাচ ঘিরে বিতর্কের কেন্দ্রে ছিলেন নেইমার নিজেই। দ্বিতীয়ার্ধে, মিরাসোল ভক্তদের উস্কানিমূলক ব্যঙ্গ-বিদ্রূপে তিনি ধৈর্য হারিয়ে প্রতিক্রিয়া জানান। প্রথমে “চুপ” করার ইঙ্গিত, এরপর সান্তোসের জার্সিতে থাকা বিশ্বকাপ জয়ের “তারাগুলি” দেখানো, সবশেষে হাতের ইঙ্গিতে ভক্তদের “ছোট” দেখানো—সব মিলিয়ে গ্যালারির উত্তেজনা আরও উসকে ওঠে।
ম্যাচের শেষ দিকে মিরাসোলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান গোল করার পর নেইমারের এক বিখ্যাত উদযাপন অনুকরণ করে তার প্রতিক্রিয়ার জবাব দেন। দর্শকরা তখন “ওলে ওলে” চিৎকারে উৎসব শুরু করে দেয়।
নেইমার যা বললেন ম্যাচ শেষে, 'আজ মিরাসোল আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা গোল করেছে, আমরা পারিনি। আগের ম্যাচে (ফ্লামেঙ্গোর বিপক্ষে) অন্তত কিছুটা প্রতিরোধ গড়েছিলাম, আজ সেটাও সম্ভব হয়নি।'
নেইমার এদিন ফলস নাইন পজিশনে খেলেন এবং দ্বিতীয় ম্যাচের মতো এবারও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। কিন্তু দলীয় দুর্বলতা তাঁর ব্যক্তিগত প্রচেষ্টাকে ম্লান করে দেয়।
সান্তোসের সংকট ঘনীভূত
দুই ম্যাচে জয় পাওয়ার পর এই হারে আবার অবনমন অঞ্চলের আশপাশে ফিরে এসেছে সান্তোস। বিপরীতে, মিরাসোল এই জয়ে পয়েন্ট টেবিলের মাঝামাঝি উঠে আসে।
সান্তোস তাদের পরবর্তী ম্যাচ খেলবে বুধবার রাতে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে, নিজ মাঠ ভিলা বেলমিরোতে। সেই ম্যাচে নেইমারের নেতৃত্বে দল ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
এক ম্যাচ পর আবার মেসির জোড়া, প্রতিপক্ষের জালে মায়ামির ৫