আসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ আয়োজনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে উভয় দলই।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস।
মূলত গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কমানোর কথা জানিয়ে সেই সফর স্থগিত করে বিসিবি। পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জুলাই-আগস্টে ভারতীয় শহর গ্রেটার নয়ডায় সাদা বলের সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়, তবে অতিরিক্ত গরমের কথা বিবেচনা করে সেটিও বাতিল করে বিসিবি।
শাহরিয়ার নাফিস বলেন, 'সাদা বলের ছয় ম্যাচের সিরিজ (তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি) আয়োজন নিয়ে এসিবির সঙ্গে আমাদের আলোচনা চলছে। সিরিজটি ২০২৪ সালে স্থগিত হওয়া সিরিজের অংশ। বাকি দুইটি টেস্ট পরে দুই বোর্ডের সুবিধামতো সময়ে আয়োজন করা হবে।'
তিনি আরও বলেন, 'ভেন্যু এখনো নির্ধারিত হয়নি, তবে সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের অক্টোবরেই সিরিজটি অনুষ্ঠিত হবে। তারিখের দিক থেকে অক্টোবরের প্রথম সপ্তাহই সম্ভাব্য।'
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, সিরিজটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। কারণ, অক্টোবরের দ্বিতীয় ভাগে দুই দলই ব্যস্ত থাকবে—বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে, আর আফগানিস্তান সফরে যাবে জিম্বাবুয়েতে।
উল্লেখ্য, চলতি বছর আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, তবে সেই সিরিজটি পূর্বনির্ধারিত সফরের অংশ ছিল না।
প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে তুরস্ক
বার্সেলোনায় রাশফোর্ড, ৪০ বছর পর কাতালান ক্লাবে ইংলিশ ফুটবলার