কক্সবাজারে বিক্ষোভ মিছিলে হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম

কক্সবাজারে দলের বিক্ষোভ মিছিল চলাকালে স্ট্রোক করে মারা গেলেন সৈয়দ নূর সওদাগর নামে এক বিএনপি নেতা। রবিবার (২০ জুলাই) বিকাল ৪টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হলে তার মৃত্যু হয়।

সৈয়দ নূর সওদাগর কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ নূর সওদাগর। তার গ্রামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার পিএম খালি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।

জানা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর কটূক্তি, বিএনপি নেতা রহিম শিকদার হত্যার বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কক্সবাজার-৩ আসনের বিএনপির পক্ষ থেকে রবিবার বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বিকাল তিনটা থেকে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশ ‌শেষে বিকাল ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করলে সৈয়দ নূর সওদাগর প্রচণ্ড গরমে হঠাৎ স্ট্রোক করে। সঙ্গে সঙ্গে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।

তিনি বলেন, সৈয়দ নুর আমাদের সঙ্গে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। এরপর মিছিল নিয়ে বের হলে হঠাৎ গরমে স্ট্রোক করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিএনপি নেতা সৈয়দ নূরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দলের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে এসে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন। সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, আমরা একজন নির্যাতিত নিবেদিত নেতাকে হারিয়েছি। এই ক্ষতি কোনোভাবে পূরণ করতে পারবো না।

প্রথমে তার মরদেহটি কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে নিয়ে আসা হলে দলের শত শত নেতাকর্মী তাকে শ্রদ্ধা জানান। সোমবার সকাল ১০টায় নয়াপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদের মাঠে মরহুম সৈয়দ নুর সওদাগরের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত